ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৯:০০ এএম


ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহত বিনোদ বিশ্বাস (২৩) ধানমন্ডির ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম নারায়ণ বিশ্বাস।

নিহতের ছোট ভাই বিধান বিশ্বাস জানান, রাত পৌনে ৯টার দিকে বিনোদ মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission