ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত

আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ১১:১১ পিএম


ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত
ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত। ছবি: সৌজন্য

সুদীর্ঘ ৪৮ বছরের গৌরবোজ্জ্বল পথচলা, প্রীতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ আশুগঞ্জবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘আশুগঞ্জ সমিতি, ঢাকা’-র সাধারণ সভা।

শনিবার (২০ জুন) রাজধানীর আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) কাউসার আহমেদ কে- সভাপতি এবং পুলিশ সুপার নুরে আলম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বলেন, আশুগঞ্জের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুসংহত করার পাশাপাশি ঢাকায় বসবাসরত আশুগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ জোরদার করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তুলতে কাজ করব।"

সাবেক উপসচিব মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোস্তফা, অধ্যাপক মোঃ আলমগীর, প্রফেসর ড. এস এম হাফিজ, এডঃ রহমত আলী খান, অধ্যাপক শাহনাজ পারভীন, আজহারুল ইসলাম ভুইয়া, শামিম আহমেদ, মকসুদ আলী মৃধা, নাজমুল হাসান বিপ্লব, আক্তারুজ্জামান, নাজমুল হাসান হামদু, সহিদ খালিদ জামিল খান, কামরুল হাসান মোবারক, মোঃ মামুনুর রহমানসহ আশুগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। গঠনতন্ত্র উপস্থাপন করেন প্রফেসর আজিজুর রহমান মোকসেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আক্তারুজ্জামান।

ঢাকায় বসবাসরত আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অডিটোরিয়াম মুখর হয়ে ওঠে। দীর্ঘদিনের ঐতিহ্য ও শেকড়ের টানে একত্রিত হয়ে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং আশুগঞ্জের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার প্রথম অধিবেশনে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে সমিতির নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission