রাজধানীর মিরপুরে বেপরোয়া স্পোর্টস কার ধাওয়া করে আটক এক যুবকের কাছে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন পেয়েছে ট্রাফিক পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দারুসসালাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সাজ্জাদ হোসেন আশিক (২০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্ব পালনকালে সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি বেপরোয়া গতির হলুদ রঙের স্পোর্টস কার থামানোর সংকেত দেন। চালক প্রথমে গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। আচরণ সন্দেহজনক মনে হলে চালক ও আরোহীকে তল্লাশির জন্য গাড়ি থেকে নামতে বলা হয়। এসময় তারা হঠাৎ দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।
তাৎক্ষণিকভাবে ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন সার্জেন্ট অনিরুদ্ধ। পরে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। আটক ব্যক্তিকে অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।

ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন সার্জেন্ট অনিরুদ্ধের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি ট্রাফিক সদস্যদের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার নির্দেশনা দেন।
আরটিভি/এমএ


