স্বামীর কাছে ইতালি যেতে সাড়ে ৪ লাখ টাকায় পেলেন ‘ভিসা’, অতঃপর...

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৫:৫১ পিএম


স্বামীর কাছে ইতালি যেতে সাড়ে ৪ লাখ টাকায় পেলেন ‘ভিসা’, অতঃপর...
সিআইডির অভিযানে গ্রেপ্তারকৃত ৭ জন। ছবি: সংগৃহীত

স্বামী দীর্ঘদিন ধরে ইতালিপ্রবাসী। তার স্ত্রী চার সন্তান বসবাস করেন বাংলাদেশে। স্বামীর কাছে ইতালি যেতে ভিসার আবেদন করার পর ওই নারীকে ইতালি দূতাবাস থেকে জানানো হয় যে, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এ সময় নাজমুল হাসান নামের এক ব্যক্তি ওই নারীকে দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা করে দেওয়ার আশ্বাস দেন। ভিসাও পান তিনি। তবে ফ্লাইটের নির্ধারিত দিনে বিমানবন্দরে গিয়ে জানতে পারেন ভিসা ‘জাল’।

শুধু ওই নারী নন, এমনি করে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটিয়েছেন নাজমুল হাসান নামের ওই ব্যক্তি। ২০ জুলাই (সোমবার) রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় এদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠানের সিল, একটি এম্বোস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো. সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), মো. তৌহিদুর রহমান (২৪) এবং কাওসার হোসেন (৪২)।

মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সিআইডি জানায়, নাজমুল হাসানসহ গ্রেপ্তার ৭ জন মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। ইতালিপ্রবাসীর স্ত্রীকে জাল ভিসা দেওয়ার অভিযোগে গুলশান থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

সিআইডি আরও জানায়, মামলার বাদীর স্বামী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার উদ্দেশে বাদী ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। পরে পাসপোর্টের মেয়াদ শেষ হলে দূতাবাস থেকে নবায়নের পরামর্শ দেওয়া হয়। এ সময় অভিযুক্ত নাজমুল হাসান নিজেকে দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা করে দেওয়ার সক্ষম ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তাঁকে গুলশানের একটি ট্রাভেল এজেন্সিতে নিয়ে যান। ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট নবায়ন করার আশ্বাসও দেন অভিযুক্ত নাজমুল। সেখানে প্রতিষ্ঠানটির প্রধান বেলায়েত হোসেন ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে আর্থিক চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী বাদী অভিযুক্তদের ব্যাংক হিসাবে দুই দফায় মোট ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। পরে তিনি পাসপোর্ট ফিরে পান। একপর্যায়ে প্রবাসী স্বামী তার স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে যাওয়ার উদ্দেশে একটি ফ্লাইটের টিকিট বুকিং করেন। কিন্তু নির্ধারিত তারিখে সন্তানদের নিয়ে ইতালি যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, তার পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে এরই মধ্যে অন্য এক নারী চলতি বছরের ২৪ এপ্রিল ইতালিতে চলে গেছেন।

এ ঘটনায় হতবাক বাদী ইমিগ্রেশন কর্তৃপক্ষের পরামর্শে সিআইডির মানবপাচার শাখায় অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, চক্রটি বিদেশে যাওয়ার আগ্রহী ব্যক্তিদের টার্গেট করে ইতালির ভিসা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করত। বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের পাসপোর্ট সংগ্রহ করে পরে তাদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠানো হতো।

তদন্তে আরও জানা গেছে, চক্রের মূল হোতা বেলায়েত হোসেন ২০১৬ সাল থেকে একই কৌশলে প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া একই ধরনের অপরাধের অভিযোগে ২০২৪ সালে বিমানবন্দর থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং মামলাটি বিচারাধীন।

সিআইডি জানিয়েছে, জব্দ করা পাসপোর্ট, সিল, কম্পিউটারসহ অন্যান্য আলামতের ফরেনসিক পরীক্ষা চলছে। পাশাপাশি অভিযুক্তদের আর্থিক লেনদেন, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission