চমক দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবীগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্যপরিষদের সভাপতি এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক।
দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে রেলইঞ্জিন প্রতীক নিয়ে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে আবু বক্কর সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট।
মেয়র পদের অপর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ (ক্যারামবোড) পেয়েছেন ১ হাজার ৩ শত ৯৮, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর নেওয়াজ (মোবাইল) পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন (জগ) পেয়েছেন ১৪৯ ভোট, এছাড়াও মেয়র প্রার্থী দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এস এম মোফাখখারুল আলম বাবু (চামুচ) পেয়েছেন ১৫৬ ভোট, দেবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম (নারিকেল গাছ) পেয়েছেন ৩১৪ ভোট, সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফ (ইস্ত্রি মেশিন) পেয়েছেন ১০৩ ভোট এবং মাসুদ পারভেজ (কম্পিউটার) পেয়েছেন ১০৬ ভোট।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলা পরিষদের কন্ট্রোলরুমে ফলাফল ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় কন্ট্রোল রুমের চতুর্দিকে হাজার হাজার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা ভিড় করেন। নিজের প্রার্থীর ফল ঘোষণার সময় চিৎকার দিয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
বিজয়ী মেয়র প্রার্থী আবুবক্কর সিদ্দিক আরটিভি নিউজকে বলেন, আসলেই দীর্ঘদিন থেকে জনগণের সাথে মিশে থাকার কারণে আজ আমি মেয়র পদে বিজয়ী হয়েছি। তাছাড়া রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন একটি সুন্দর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে সহযোগিতা করেছেন। এখানে জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রার্থী নির্বাচিত করেছে। উপজেলার সকল সচেতন মহল এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিয়ে দেবীগঞ্জ পৌরসভাকে একটি পর্যটন এলাকা, নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাবো।
এর আগে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ১০ হাজার ৯১৪ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭৮.৭৭ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার প্রত্যয় হাসান। তিনি বলেন দেবীগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা ছিল একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমি সেই প্রত্যাশা পূরণ করেছি বলে মনে করছি।
এসজে/




