নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ

ঠাকুরগাঁও (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ , ০৬:১৪ পিএম


নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ
নির্মাণ কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজে ওয়াশ ব্লক নির্মাণ কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওয়াশ ব্লক নির্মাণ কাজ পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পড়ে।
 
কলেজের সহকারী অধ্যাপক তৈয়ব আলী আরটিভি নিউজকে জানিয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ লাখ টাকায় তাদের কলেজে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে অধ্যক্ষ করিমুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা কলেজের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য যান। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মাঠে নির্মাণাধীন ওয়াশ ব্লকের নির্মাণ কাজ পরিদর্শনে যান তারা। 

এ সময় তারা দেখতে পান ওয়াশ ব্লকের জন্য সদ্য তৈরি করা স্লাবের (ঢাকনা) এক প্রান্তে বাঁশের বাতার অংশ বিশেষ বের হয়ে আছে। পরে স্লাব ভেঙে দেখেন, সেখানে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে মোবাইল ফোনে জানান তারা। নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার বিষয়টি এলাকায় জানাজানি হয়।

কলেজের দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর আরটিভি নিউজকে জানিয়েছেন, করোনার কারণে কলেজ বন্ধ ছিল। এ সময় ওয়াশ ব্লকের ভবন নির্মাণ কাজ তাদের সেভাবে তদারকি করা সম্ভব হয়নি। এখন স্লাবে রড়ের পরিবর্তে বাঁশ পাওয়া যাচ্ছে। তাহলে ভবন নির্মাণ কাজে কী ব্যবহার করা হয়েছে, তা আল্লাহই জানেন। এটা যাচাই করা জরুরি।

এ বিষয়ে নির্মাণ কাজের ঠিকাদার ফারুক হোসেন বলেন, তাকে না জানিয়ে সাইডের মিস্ত্রী এ কাজ করেছে। তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী শামীম হোসেন আরটিভি নিউজকে বলেন, তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ইঞ্জিনিয়ারকে বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission