উঠতি বয়সে ধরায় দিতে পারলেই হল। সারা জীবন ব্যবসা। এমন কথাই শুনালেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। তিনি বলেন, সিগারেট কোম্পানিগুলোর প্রধান টার্গেট স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর বড় কারণ হচ্ছে, ২০ বছর বয়সী একজনকে ধূমপায়ী বানাতে পারলে জীবনের বাকি ৪০-৫০ বছর তার কাছে সিগারেট বিক্রি করতে পারবে কোম্পানি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।
আমিন উল আহসান বলেন, তামাক পণ্য মৃত্যু ঘটালেও বিক্রেতারা বিভিন্ন সংগঠনের আড়ালে ব্যবসার প্রসার ঘটাতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাইতো আজকে দেশের ৩ কোটি ৭৮ লাখ মানুষ নিয়মিত এসব দ্রব্য ব্যবহার করেন। ধূমপায়ীদের কারণে ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। এর মধ্যে ৫০ ভাগ মানুষ শুধুমাত্র রেস্তোরাঁগুলো থেকে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে থাকেন।
তিনি বলেন, তামাকের কারণে বর্তমানে প্রতিদিন ৪৪২ জন মানুষ মারা যাচ্ছেন। ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। তারপরও দেশের ৩১ শতাংশ বন উজাড় করে তামাক চাষ করা হচ্ছে। তাই আমাদের সময় এসেছে সচেতন হওয়ার।
অ্যাডভান্সমেন্ট অব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, আহসানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াস সেক্টরের পরিচালক ডা. ইকবাল মাসুদসহ অনেকে।




