‘ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার’

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৯:০৮ পিএম


‘ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার’
ছবি : সংগৃহীত

দেশের সংবিধান অনুসারে ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

শনিবার (১৮ মে) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। দেশের সংবিধান এটি নিশ্চিত করেছে। আদালতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাওয়ার জন্যই আসেন।

প্রধান বিচারপতি আরও বলেন, বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সবার সব ধরনের সেবা ও সুবিচার নিশ্চিত করতে কক্সবাজারে (টেকনাফে) বাংলাদেশ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট করছে। এ ইনস্টিটিউটকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে সারাদেশের নাগরিকেরা সহজে এর সুফল ভোগ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিভাগের সদ্য সাবেক বিচারপতি বোরহানউদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে কক্সবাজারের টেকনাফের বাহারছরা ইউনিয়নের শীলখালীতে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট’ নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন প্রধান বিচারপতি। মেরিন ড্রাইভের পাশেই তিন একর ৩৪ শতক বরাদ্দ পাওয়া জমিতে নান্দনিক স্থাপত্যশৈলীতে রিসার্চ ইনস্টিটিউটের আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত একাধিক বহুতল ভবন নির্মাণ করা হবে। যেখানে থাকবে গবেষণাধর্মী বিচারিক তথ্য-উপাত্ত, প্রাচীনকালের বিচার ব্যবস্থার নিদর্শন ও ইতিহাস সমৃদ্ধ মিউজিয়াম। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission