মৃত্যু সংবাদ পেলেই ছুটে যেতেন আনার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ মে ২০২৪ , ০৩:৫২ পিএম


মৃত্যু সংবাদ পেলেই ছুটে যেতেন আনার
ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ ও রক্তাক্ত জামাকাপড় উদ্ধার করেছে ভারতের পুলিশ।

বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘ এ সময়ে  তিনি এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। সংসদ সদস্য হিসেবে বিভিন্ন সেবামূলক কাজের জন্য তার বেশ সুনামও রয়েছে এলাকায়।

সবচেয়ে আলোচিত বিষয়, নির্বাচনী এলাকায় যেকোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে যেতেন এবং শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতেন আনার। এমনও হয়েছে তিনি একদিনে ১০ জন মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন।

এদিকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর শুনে কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। অনেকেই এমপির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এমপি আনারের এ ধরনের মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয়স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। 

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজিম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার মলপাড়া লেনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ১৩ মে দুপুরে চিকিৎসককে দেখানোর উদ্দেশে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায়় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জানান, তাকে আর ফোন করতে হবে না। দরকার হলে তিনি তাকে (গোপাল বিশ্বাস) ফোন করবেন। কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই তাকে ফোনে পাওয়া যায়নি।

স্বাভাবিকভাবে উৎকণ্ঠা ছড়ায় তার বাংলাদেশের বাসায়। পাশাপাশি গোপাল বিশ্বাসও উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপরই কোনও উপায় না দেখে গত ১৮ মে শনিবার বরানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। অভিযোগ পেয়ে বরানগর থানা তদন্তে নামে। ঘটনার ৮ দিন পর কলকাতার নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ।

আনোয়ারুল আজিম আনার ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে একটানা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission