শরীয়তপুরে তৃতীয় ধাপের দুটি উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ডামুড্যা উপজেলা পরিষদে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হয়েছেন জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবদুর রশিদ গোলন্দাজ। অন্যদিকে, গোসাইরহাট উপজেলা পরিষদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা হেলিকপ্টার প্রতীকের মো. মোশাররফ সরদার।
বুধবার (২৯ মে) রাতে ভোটগণনা শেষে এই দুই উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯ হাজার ১৯১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটগণনা শেষে দেখা যায়, ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুর রশিদ গোলন্দাজ ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইক প্রতীকের প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট। অপর প্রার্থী এস এম আব্দুর রহমান বাবুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬৩৪ ভোট।
অন্যদিকে গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মোশারফ হোসেন (হেলিকপ্টার) প্রতীক, ২০১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাকির হোসেন দুলাল পেয়েছেন ১৫৪৭৫ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।




