আশুলিয়ায় জামগড়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়ার পবনারটেক এলাকায় মো. শরিফের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে জামগড়ার পবনারটেক এলাকার একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। পরে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, দুপুর ১টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনে ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এমকে/এআর





