গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ  

স্টাফ রিপোর্টার (ফরিদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৮:৩৮ পিএম


গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ  
ছবি: আরটিভি

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর মুসলিম মিশনের মিলনায়তনে দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পারে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে। বিগত সরকারের ‘আমি তুমি আর ডামি’ নির্বাচন যাতে এ দেশে আর না হয় সেজন্য সকলকে ঐকমত্যে পৌঁছাতে হবে। 

জামায়াতের এ কেন্দ্রীয় নেতা আরও বলেন, আমরা আন্দোলন করেছি। জনগণ উৎকণ্ঠায় ছিল ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা নিয়ে। এরপর ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের পরিণতিতে সরকার পতনের আন্দোলন শুরু হয়। দেশের সব শ্রেণির মানুষ এ আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। বর্তমানে এ দেশের জনগণের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ফ্যাসিবাদের বিচারসহ সুষ্ঠু নির্বাচনের জনআকাঙ্ক্ষার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীও সহমত পোষণ করে। ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ফরিদপুর অঞ্চলের শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।

আরটিভি/এমকে/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission