নির্বাচনের জন্য বাংলার জনগণ আবারও রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নরসিংদী শিশু অ্যাকাডেমিকে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বিলম্বিত করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আবারও বাংলার জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে।
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের প্রসঙ্গে খোকন বলেন, তিনি তো বাংলাদেশের নাগরকই না, বিদেশি নাগরিক। তারা কীভাবে দেশ পরিচালনা করবেন। ১৬ বছরের আন্দোলনে তাদের কী ভূমিকা? তারা কি মানুষের পাশে দাঁড়িয়েছেন? তাই তারা কীভাবে বুঝবে জনগণ কী চায়।
খায়রুল কবির খোকন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে। কিন্তু তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে। অনির্বাচিত সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু নির্বাচিত সরকারের সেই দায়বদ্ধতা আছে। তাই জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একইসঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার করতে হবে।
শুক্রবার খায়রুল কবির খোকনের নেতৃত্বে জুমা নামাজের পর জেলখানার মোড়ে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভা ও খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, অ্যাডভোকেট বাছেদ, ভিপি জলিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল প্রমুখ।
আরটিভি/এমকে/এআর





