আলুর হিমাগারে মিষ্টি মজুদ, এরপর যা ঘটলো 

শনিবার, ০৭ জুন ২০২৫ , ১২:৫৮ পিএম


আলুর হিমাগারে মিষ্টি মজুদ, এরপর যা ঘটলো 
ছবি: সংগৃহীত

রংপুরে আলুর হিমাগারে মিষ্টি মজুদ করার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে তারাগঞ্জের ঘনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ব্রাদার্স হিমাগার থেকে ৩ হাজার ৩৮০ কেজি মিষ্টি জব্দ করে যৌথ বাহিনী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে তারাগঞ্জ বাজারের ভাই ভাই মিষ্টিমুখের মালিক ফজলু হককে ৫ হাজার, সিলেট মিষ্টিমুখের মালিক সৃজিত দেবকে ২৫ হাজার, রব্বানী হোটেলের মালিক হাফিজার রহমানকে ১৫ হাজার ও বাঁধন মিষ্টিমুখের মালিক নুর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানে মোট ২৬টি ড্রাম জব্দ করা হয়। প্রতিটি ড্রামে প্রায় ১৩০ কেজি মিষ্টি ছিল। এর মধ্যে ভাই ভাই মিষ্টিমুখের ২ ড্রাম, সিলেট মিষ্টিমুখের ১৪ ড্রাম, রব্বানী হোটেলের ৮ ড্রাম ও বাঁধন মিষ্টিমুখের ২ ড্রাম মিষ্টি ছিল।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, হিমাগারে অভিযান পরিচালনা করে ৪টি দোকানের প্রায় ৩ হাজার ৩৮০ কেজি মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে। 

তিনি আরও বলেন, ব্যবসায়ী ও হিমাগার মালিককে সর্তক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করেন।

যৌথ বাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল শরিফ। 

গণমাধ্যমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ব্রাদার্স হিমাগারে ঈদকে ঘিরে মিষ্টি মজুদ করা হয়েছে। পরে আমরা সেখানে অভিযান চালিয়ে মিষ্টি জব্দ করি। 

তিনি আরও বলেন, যেগুলো নষ্ট ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission