কুমিল্লায় নির্যাতনের ভিডিও ভাইরাল করা তিনজন গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ০২:৪৮ এএম


কুমিল্লায় নির্যাতনের ভিডিও ভাইরাল করা তিনজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন রাতে মুরাদনগরের  রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। 

সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। 

বিজ্ঞাপন

এ ঘটনায় মুরাদনগর থানা পুলিশ ধর্ষককে গ্রেপ্তারপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ঘটনার ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামে (৩৮) এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী দুবাই প্রবাসী। অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission