লক্ষ্মীপুরের কমলনগরে এক সন্তানের জননী বিধবা এক নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে দুদিন ধরে অনশন করছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের আশ্বাসে কালাম তাকে চট্টগ্রামের ছোটপোল এলাকার একটি ভাড়া বাসায় রেখে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে গেছেন।
বুধবার (১৬ জুলাই) সরেজমিনে গিয়ে ভুক্তভোগী নারীকে ওই প্রেমিকের বাড়িতে অনশনে বসে থাকতে দেখা যায়।
ভুক্তভোগীর অভিযোগ, প্রেমিক আবুল কালামকে বিয়ের জন্য চাপ দিলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে গা-ঢাকা দেন। একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রোববার সন্ধ্যার পর কালামের বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
রোববার উপজেলার চর মার্টিন ইউনিয়নের উত্তর মার্টিন শান্তিরহাট বাজার নিকটবর্তী পিয়াজের গাড়িওয়ালাগো বাড়িতে এ ঘটনা ঘটে। তবে প্রকাশ্যে আসে মঙ্গলবার বিকেলে।
অভিযুক্ত আবুল কালাম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দ কবির হোসেনের ছেলে। এ বিষয়ে অভিযুক্ত আবুল কালামের মোবাইলে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে ভুক্তভোগীকে আইনগত সহায়তা দেওয়া হবে।
আরটিভি/এমকে/এস




