গোপালগঞ্জে হামলার ঘটনায় আমরা দ্বিগুন শক্তিশালী হয়েছি: নাহিদ 

আরটিভি নিউজ  

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০১:২৪ এএম


গোপালগঞ্জে হামলার ঘটনায় আমরা দ্বিগুন শক্তিশালী হয়েছি: নাহিদ 
ছবি: আরটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলার ঘটনায় আমরা দ্বিগুন শক্তিশালী হয়েছি। আগামীতে আমরা গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে যাবো। সেই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করবো। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টায় মানিকগঞ্জ জেলাশহরের খালপাড় এলাকার শহীদ রফিক চত্ত্বরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জেলা শাখা আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন চাই। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চাই। শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান নয়। নতুন সংবিধানের আলোকে নতুন বাংলাদেশ গড়তে চাই। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাই-আগষ্টের আন্দোলনসহ গত ১৭ বছরে বিএনপি-জামায়াত যে ভূমিকা রেখেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে তাদের সহযোগিতা চাই।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলছি না গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা বলছি নির্বাচন হতে হবে। কিন্তু আগে সংস্কার লাগবে, বিচার লাগবে। উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতি মুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। আমরা সেই বাংলাদেশ চাচ্ছি। 

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ইসলামবিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে। ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর ওপর তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, নিজেরা বলে ধর্মনিরপেক্ষ। এই কথা বলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সম্পত্তি দখল করেছে হিন্দুদের।

মানিকগঞ্জবাসীর প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জ ১৩ ডিসেম্বর স্বাধীন হয় এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনেও মানিকগঞ্জ থেকে ৪ তারিখে আওয়ামী লীগ বিতাড়িত হয়। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। কিন্তু সেটা শুধু লড়াই-প্রতিরোধের ক্ষেত্রে। উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। 

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম ছাড়াও সংগঠনের সদস্য- সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মানিকগঞ্জের প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার, যুগ্ম সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এনসিপির পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাসদস্যরা টহল দেন। সভাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission