কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রোগী পাশে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসক শামরিন সুলতানা তৃনা মোবাইল স্ক্রিনে গেম খেলতে ব্যস্ত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, রোগীর জীবন–মৃত্যুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাদের হাতে, তাদের এমন দায়িত্বহীন আচরণ উদ্বেগজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী বলেন, সরকারি হাসপাতালে এমন অবহেলা গ্রহণযোগ্য নয়। বেসরকারি ক্লিনিকে বাড়তি খরচে যত্ন পাওয়া যায়, কিন্তু সরকারি হাসপাতালে শুরুতেই অবহেলা দেখা দিলে রোগীরা কোথায় যাবে?
এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনারুল কবির বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিউটিরত অবস্থায় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে ইতোমধ্যে অফিসিয়ালি কৈফিয়ত তলব করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে জানতে ডা. শামরিন সুলতানা তৃনার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও তিনি সাড়া দেননি।
আরটিভি/এএএ




