গাজীপুরের শ্রীপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার রেজাউল উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরহাওলা গ্রামে মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল ওই ব্যবসায়ী। পরে ওই গ্রামে অভিযান পরিচালনা করে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
আরটিভি/এমআই/এআর




