মাদরাসা চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৭:৪৬ পিএম


মাদরাসা চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় একটি মাদরাসা চত্বরের সামনে চোর সন্দেহে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রফিকুল ইসলাম মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রফিকুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় তাকে মাদরাসা প্রাঙ্গণের একটি আমগাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান।

আরও পড়ুন

ঘটনাটি নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের কেউ সরাসরি ঘটনার বিস্তারিত জানাতে না পারলেও গুঞ্জন রয়েছে, মাদরাসার কয়েকজন শিক্ষক চোর সন্দেহে তাকে মারধর করেন। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, স্থানীয় লোকজনের মারধরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রসাদপুর দারুল উলুম ইসলামীয়া কওমি মাদরাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমানের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে গেলে তিনি ‘একটু আসছি’ বলে মাদরাসা প্রাঙ্গণ থেকে দ্রুত প্রস্থান করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission