কমিটি বিলুপ্ত করার পর থেকে নেতৃত্বহীনতায় ভুগছে রাজশাহী ছাত্রদল। কমিটি না থাকায় কর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছেন। ফলে নগর জুড়ে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন নতুন পদপ্রত্যাশীদের আগমন ঘটেছে।
নতুন কমিটিতে স্থান পেতে বিলুপ্ত কমিটির নেতারাও কেউ কেউ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং শুরু করেছেন।
এদিকে ছাত্রদলের গতিশীলতা ফিরিয়ে আনতে শিগগিরই সম্মেলনের দাবি করেছে পদ-পদবি প্রত্যাশীরা। এই প্রত্যাশার জায়গা থেকে এবার মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাফডজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক সূত্র জানায়, খুব শীঘ্রই ঘোষণা হতে পারে রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন নেতৃত্ব। কমিটিতে শীর্ষস্থানীয় নেতৃত্ব পর্যায়ে যারা আলোচনায় রয়েছে তাদের মধ্যে সভাপতি পদের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে রাজশাহী মহানগর ছাত্রদলের গত কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন। এককভাবে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে রবিনের নাম।
রবিন জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্বের পাশাপাশি বিগত দিনে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রেখেছিলেন।
এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্য সচিব ইমদাদুল হক লিমন, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর। এই দুজনই সাধারণ সম্পাদক হওয়ার লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে। এছাড়া আলোচনায় রয়েছেন রাজশাহী কলেজের আহ্বায়ক খালিদ বিন ওয়ালি আবির, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন মান্নত, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মাহি, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুলসহ অনন্যরা।
এদিকে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতারা বলছেন, দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে অনেক সমস্যা হচ্ছে। নেতৃত্বহীন ছাত্রদল গতিহীনভাবে চলছে।
তারা আরও বলেন, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার মতো একমাত্র সক্রিয় সংগঠন ছাত্রদল। তাই শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে কমিটি ঘোষণা করে নেতৃত্ব সংকট পূরণ করা হোক।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটির সবকিছু চূড়ান্ত, অল্প কয়েক দিনের মধ্যে সেটি ঘোষণা করা হবে।
এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর কমিটির মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে রাজশাহী মহানগর ছাত্রদল ও এর অধীনস্থ মতিহার উত্তর, মতিহার দক্ষিণ এবং কাটাখালী থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
আরটিভি/এমএইচজে





