কুড়িগ্রামে ব্যবসায়ীদের গুদামঘরে মিলল বিপুল পরিমাণ সরকারি চাল

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ১১:০৯ এএম


কুড়িগ্রামে ব্যবসায়ীদের গুদামঘরে মিলল বিপুল পরিমাণ সরকারি চাল
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের পাশে তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে জনতা। পরে গুদামঘরগুলো হেফাজতে নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) মধ্য রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের পাশে কাশিম বাজারের স্থানীয় ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম, সোনাউল্ল্যা মিয়ার গুদামঘর থেকে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহর যুক্ত ৩০ কেজি চালের বস্তা এবং কিছু স্থানীয় বস্তায় এসব চাল গুদামে অবৈধভাবে মজুদ করা হয়। তাৎক্ষণিক চালের হিসাব করা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে ৭ থেকে ৮শ বস্তায় অন্তত ২০ মেট্রিকটন চাল রয়েছে গুদামগুলোতে। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই চালগুলো ভিজিএফের বরাদ্দকৃত চাল।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন জানান, চেয়ারম্যান মেম্বাররা পাইকারদের কাছে চাল বিক্রি করে দিয়েছে। পাইকাররা বিলির সময় জনসম্মুখে পরিষদের গুদাম থেকে এসব চাল নিয়ে এসে নিজেদের গুদামে রেখেছে। অথচ গরীব মানুষ চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

তবে অভিযোগ অস্বীকার করে বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, বলদিয়া ইউনিয়নে ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফ চাল শতভাগ বিতরণ শেষ হয়েছে। এসব চাল কোর বা কোথা থেকে এসেছে আমার জানা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, আটক এসব চাল সরকারি দপ্তরের। কয়েকটি গুদামে আনুমানিক ৭শ থেকে ৮শ টি সরকারি এবং স্থানীয় বস্তায় এসব চাল অবৈধ গুদামজাত করা হয়েছে। পুলিশ আসার আগেই গুদামের মালিকরা পালিয়ে গেছে। আপাতত এসব চাল পুলিশি হেফাজতে থাকবে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission