চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে দুটি গ্রাম। এ সময় গাছ চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (১৮ মার্চ) রাতে আলমডাঙ্গা উপজেলার হারদি ও উদয়পুর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত আকমান হোসেন (৬২) উদয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামের ওপর দিয়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। এতে উপড়ে পড়ে গ্রামের কয়েকশ গাছ। বিধ্বস্ত হয় অসংখ্য কাঁচা, আধাপাকা বাড়ি ও বিদ্যুতের পোল। এ সময় ঘরের ওপর গাছ পড়ে বৃদ্ধ আকমান হোসেন নিহত হন। আহত হন আকমানের স্ত্রী লতিফুন্নেছা। এছাড়া কাটাভাঙ্গা গ্রামের মোবারক হোসেন ও ইখতিয়ার উদ্দিন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




