চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।
প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
এ মসজিদে মেয়র, মন্ত্রী, এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করার কথা রয়েছে। এটি নগরীর সবচেয়ে বিশাল জামাত হিসেবে পরিচিত।
অন্যদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আরেকটি ঈদ জামাত এমএ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে আয়োজিত এ জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। ঈদ জামাতে বিকল্প ইমাম হিসেবে মুফতি মুহাম্মদ নুরুন্নবীকে রাখা হয়েছে। চট্টগ্রাম নগরীতে এ বছর প্রায় ২৬৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে এসব জামাতের আয়োজন করা হবে।
ইতোমধ্যে জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সহযোগিতায় ঈদের জামাতের স্থানসমূহ নির্মাণ ও সজ্জার প্রস্তুতি শুরু হয়েছে, যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা যায়।
চসিক সূত্র জানায়, প্রধান জামাতের পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডের বিভিন্ন স্থানেও ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
আরটিভি/এমএইচজে





