মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে ১৮ বছর বয়সী চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজারের পুরাতন ট্রলার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নদীতে গোসল করতে নেমে হঠাৎ করে দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে প্রায় ৩০ মিনিট পর ছেলেটিকে এবং ৪৫ মিনিট পর মেয়েটিকে পানির নিচ থেকে তুলে আনে।
গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরবর্তীতে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
আরটিভি/এমআই




