নারীসহ রাত্রীযাপনে পুলিশের সহযোগিতা চেয়ে ধরা ভুয়া জজ 

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১১:০৫ এএম


নারীসহ রাত্রীযাপনে পুলিশের সহযোগিতা চেয়ে ধরা ভুয়া জজ 
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশি নিরাপত্তায় রাত্রী যাপন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক ব‍্যক্তি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে উপস্থিত হয়ে নিজেকে জেলার সহকারি জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি প্রটেকশনে রাত্রীযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। এসময় তার কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। পরে দেখা যায় ওই ব‍্যক্তি কোনো বিচারক নন, প্রতারণার উদ্দেশ্যে সেখানে ভূয়া পরিচয় দেন। তিনি পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানার হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি কি উদ্দেশ্যে এমনটা করেছেন, এ ব‍্যাপারে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission