চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে এশা সূত্রধর (১৬) নামে এক শিক্ষার্থীর মাথায় সিলিং ফ্যান খুলে পড়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এশা চাঁদপুর সদর এলাকার চিত্রলেখা মোড়ের বাসিন্দা খোকন সূত্রধরের মেয়ে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাসরুমে বসে পাঠ নিচ্ছিল শিক্ষার্থীরা। এ সময় একটি সিলিং ফ্যান খুলে পড়ে এশার মাথার উপর। এতে সে মারাত্মকভাবে আহত হয়। সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাত লেগেছে এবং দুটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে আকস্মিকভাবে ফ্যান খুলে পড়ার ঘটনায় বিদ্যালয়জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন কোনোকিছু বুঝে ওঠার আগেই মাথার উপর সচল ফ্যানটি খুলে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেও এশা গুরুতর আহত হয়।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিদ্রুত বিদ্যালয়ের প্রতিটি কক্ষের ফ্যান ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আরটিভি/এমএম/এমএইচজে



