সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশের সময় সকাল ৮টা (স্থানীয় সময় ভোর ৬টা) দেশটির দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহ আলম ভুঁইয়া (৫০) ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের ইসমাইল ভুঁইয়া বাড়ির হানিফ ভুঁইয়ার মেজ ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় বিপদসংকেত বাজানো হলে লোকজন নিরাপদ স্থানে সরে যেতে থাকে। এ সময় কাজে যাওয়ার পথে শাহ আলম ভুঁইয়া ড্রোনের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের দাবি, ইরান থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ ওই এলাকায় গিয়ে পড়ে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়ায় নিহতের পরিবারে শোকের মাতম শুরু হয়। স্থানীয়রা দ্রুত নিহতের মরদেহ দেশে পাঠাবার দাবি জানিয়েছেন।




