ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কালামপুর বাস স্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে এই সংঘাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এনসিপি ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। কার্যালয় উদ্বোধন শেষে নেতৃবৃন্দের বক্তব্য চলাকালীন এনসিপির পদবঞ্চিত নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বর্তমান কমিটির বিরোধিতা শুরু করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। সংঘর্ষের বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, দলের ভেতরে কিছু দালাল রয়েছে যারা জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করছে। ঢাকা জেলা উত্তরের এই কমিটি পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করলে তাদের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে— এমন আশঙ্কায় তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের মাথায় গুরুতর আঘাত থাকায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমআই




