চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির প্রবণতা আবারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন রয়েছে ৭৩ শিশু। এদের মধ্যে ছেলে ৩৩ জন এবং মেয়ে ৪০ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
জেলা হাসপাতালের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। সর্বশেষ হিসেবে মোট ভর্তি ৬২৭ জন। এ ছাড়া এ রোগের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক কয়েক দিনের পরিসংখ্যানে দেখা যায়, রোগী ভর্তির সংখ্যা কিছুটা ওঠানামা করলেও শেষ কয়েক দিনে তা আবার বাড়ছে। ৮ এপ্রিল হাসপাতালে ভর্তি ছিল ৭৩ শিশু; ওই দিন নতুন ভর্তি হয় ৩৮ জন, আর সুস্থ হয়ে ছাড়পত্র পায় ২৭ জন।
এর আগের দিন ৭ এপ্রিল ভর্তি ছিল ৬৪ জন— নতুন ভর্তি ২২, ছাড়পত্র ২১। তারও আগে কয়েক দিনে নতুন ভর্তি ও ছাড়পত্রের সংখ্যা প্রায় সমান থাকলেও সর্বশেষ সময়ে রোগী বাড়ার প্রবণতা স্পষ্ট হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুরোনো ভবনের তৃতীয় তলায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
তিনি জানান, চিকিৎসক ও নার্সের সংকট থাকলেও বিকল্প ব্যবস্থায় সেবা চালু রাখা হয়েছে। পাশাপাশি জেলাজুড়ে বিশেষ টিকাদান কার্যক্রমও চলছে।
আরটিভি/এমএইচজে



