
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একজন সরকারি প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করেছেন এক ঠিকাদার। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চারপাশে ইট-বালুর স্তূপ। কাঁচা সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা নির্মাণ সামগ্রী। সেখানে হঠাৎ দেখা গেল নীল শার্ট ও কালো প্যান্ট পরিহিত ব্যক্তিকে বাঁশ দিয়ে তাড়া করছেন পাঞ্জাবি পরিহিত আরেক ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই ঘটনায় আলোচনায় আসা ঠিকাদারের নাম লোকমান হোসেন। অন্যদিকে যাকে বাঁশ দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়েছে, তিনি হলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।
সোমবার দুপুরে শিবপুরে রাস্তার উন্নয়নমূলক কাজ চলাকালে প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন।
এই ঘটনায় নিন্দা জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ মান্নান। সেই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এমপি অ্যাডভোকেট এম.এ মান্নান বলেন, একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এদিকে ভাইরাল হওয়া ভিডিও এবং অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত ঠিকাদার লোকমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সফল হওয়া যায়নি। এতে তার বক্তব্য জানা যায়নি।
আরটিভি/এসআর

-1790135980-405383_1790136034.jpg)
