এক নোটিফিকেশনেই সাড়ে ৭ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১০:৩৭ পিএম


এক নোটিফিকেশনেই সাড়ে ৭ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মো. জামাল উদ্দীন নামে এক ব্যবসায়ীর মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক একাউন্ট থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) ভুক্তভোগী মো. জামাল উদ্দীন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী মো. জামাল উদ্দীন উপজেলার ছদাহা ইউনিয়ন এলাকায় একটি কুলিং কর্নারের ব্যবসা পরিচালনা করেন।

ব্যবসায়ী জামাল জিডিতে উল্লেখ করেন, গত ৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে দোকানে থাকা অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি সন্দেহজনক নোটিফিকেশন আসে। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সেটি বাতিল করলেও কিছুক্ষণ পর মোবাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়।

আরও পড়ুন

পরে আপডেট শেষ হলে তিনি লক্ষ্য করেন, মোবাইলের ওপর তার নিয়ন্ত্রণ আংশিকভাবে হারিয়ে গেছে। এ সময় তার জিমেইল ও গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষিত ব্যাংক হিসাব, পিন কোডসহ বিভিন্ন গোপন তথ্য অজ্ঞাতনামা হ্যাকাররা অবৈধভাবে অ্যাক্সেস করে বলে তিনি অভিযোগ করেন।

জামাল উদ্দিন জানান, এই ঘটনার কারণে তার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির লোহাগাড়া ও কেরানিহাট শাখার দুটি হিসাব থেকে বিভিন্ন ধাপে মোট ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে মোবাইল ব্যাংকিং ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে একাধিক লেনদেনে টাকা স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পরে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এতে জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী লিখিতভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission