পটুয়াখালীর বাউফল উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত (২৮), ওরফে সৈকত মোল্লা, অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি তার পরিবার ও সহকর্মীরা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকত অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাতে তৌসিফুর জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
সৈকত মোল্লা উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। এছাড়াও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।
আরটিভি/টিআর




