মাগুরা সদর উপজেলার একটি সেলুনে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনালিয়া বাজারের একটি সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামে এক যুবক আগে থেকেই সিরিয়াল দিয়ে বসে ছিলেন। এ সময় সোহাগ নামে আরেক যুবক সেলুনে এসে জরুরি কাজের কথা বলে আগে চুল কাটার অনুরোধ করেন। এ বিষয়ে নাপিত (পরামানিক) জানান, জুয়েলের সিরিয়াল আগে রয়েছে। পরে জুয়েলকে সিরিয়াল ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), কাদের মোল্লা (২৪), জুয়েল মোল্লা (২৮) ও আরাফাত (২৪) আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আহতদের মধ্যে জুয়েল মোল্লা ও কাদের মোল্লা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা। অপরদিকে আরাফাত গাংনালিয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, গাংনালীয়া বাজারে একটি সেলুনে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরটিভি/এসএস



