চাঁদপুর সদরে পাখির বাসা দেখতে গিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে জারিফ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকার বেপারী বাড়ির পাশে এই ঘটনা ঘটে। জারিফ স্থানীয় মান্দারী সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন শাহ মাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস রোকন। তিনি বলেন, শিশুর মা, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তা বেগম এই ঘটনার বিষয়ে মোবাইল ফোনে জানিয়েছেন।
শিশুর পিতা শিপন বেপারী বলেন, ঘটনার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে পাখির বাসা দেখতে বিদ্যুতের খুঁটিতে উঠে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগের চিকিৎসক রেফার করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর মা মুক্তা বেগম জানান, চিকিৎসা দেওয়ার পর তার ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
আরটিভি/টিআর




