ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন- মো. সুমন মিয়ার মেয়ে সাঈফা আক্তার (২) ও তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির আঙিনায় পুকুরপাড়ে দুই শিশু একসঙ্গে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের এক কোণ থেকে সাঈফা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
কিছুক্ষণ পর সুরাইয়াকেও অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদের দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
আরটিভি/এমএ



