দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়ে ভাল মানের পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একটু খারাপ মানের পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আদা এবং রসুন আগের দামেই বিক্রি হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কথা হয় আনোয়ার হোসেন নামে একজন ক্রেতার সঙ্গে। তিনি জানান, হিলির বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়েছে। তবে পেঁয়াজ, আদা এবং রসুনের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। সব ধরনের মুরগি এবং মাছের দাম বেড়েছে। সেই সঙ্গে কাঁচাবাজারে সবজির দামও বেশি। নিত্যপণ্যের দাম স্বাভাবিক না থাকলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন।
হিলি বাজারে আদা, রসুন ও পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, মোকামে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে কিছুটা দাম বেড়েছে। তবে গত এক মাস ধরে আদা এবং রসুনের দাম একই রয়েছে। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করি। কয়েকদিনের টানা গরমে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়েছি। সেই সাথে আগের থেকে ক্রেতাও অনেক কমেছে। আগে প্রতিদিন ২ থেকে ৩ বস্তা মালামাল বিক্রি হলেও এখন তা আর হচ্ছে না। বর্তমানে আদা ১২০ টাকা কেজি এবং রসুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরটিভি/এমএ




