মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৫ মাসের শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৩:০৩ পিএম


মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৫ মাসের শিশুর মৃত্যু
ছবি: আরটিভি

মানিকগঞ্জের শিবালয়ে হামের উপসর্গ নিয়ে রাতুল নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটি উপজেলার উথুলী গ্রামের অটোরিকশাচালক আলী আজগর ও রঞ্জু আক্তারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ২ এপ্রিলে ঠান্ডা-জ্বর নিয়ে রাতুলকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরে সে।

শিশুটির বাবা আলী আজগর জানান, পরদিন আবার ছেলের জ্বর বেড়ে গেলে চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে আল-এহসান ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে সেখানে ইনজেকশন দেওয়া হয়। ১৯ এপ্রিল পুনরায় দেখালে চিকিৎসক জানান, শিশুটি ভালো আছে এবং আগের মতোই ইনজেকশন দেন। তবে বাসায় ফেরার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

তিনি অভিযোগ করে বলেন, পরে আবার চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটির শরীরে ঘামাচির মতো ফুসকুড়ি দেখা যায়।

তখন চিকিৎসক জানান, এটি হাম হতে পারে এবং দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ২০ এপ্রিল হাসপাতালে ভর্তি করার পর চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় তার সন্তানের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাবিবুর রহমান। তিনি বলেন, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে ইনজেকশন দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে রোববার দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেন, সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রাতুলের মৃত্যু হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় হামের উপসর্গে এ পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। শিবালয়সহ সিঙ্গাইর, সাটুরিয়া, ঘিওর, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এ পর্যন্ত ৩৩৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ২৬৩ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে বেশি রোগীর চাপ পড়ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হামের বিস্তার রোধে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৪৪ হাজার ৮২৩ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ১১ কর্মদিবসব্যাপী চলবে।

সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলাম বলেন, নিহত শিশুটি ইপিআই কর্মসূচির আওতায় মাত্র একটি টিকা পেয়েছিল। হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission