দিনাজপুরের নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে ওয়ায়েস কুরুনি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বোয়ালি রাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের আশুরের বিল এলাকায় ধান কাটার পর তা তুলতে যান কৃষক ওয়ায়েস কুরুনি। এ সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে ডুবে যান। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কৃষক উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বোয়ালি রাজবাড়ী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/টিআর




