মাদারীপুরের কালকিনীতে চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল আরেফিন এই আদেশ জারি করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে অব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. ইয়ামিনকে চলমান পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তার স্থলে নতুন কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কয়ারিয়া ঈদগাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া জমাদারকে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। উক্ত কেন্দ্রসচিবের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন জানান, পরীক্ষার পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম বা অবহেলা পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/টিআর




