১৬ মে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি

স্টাফ রিপোর্টার,চাঁদপুর, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:১১ পিএম


১৬ মে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমান : ফাইল ছবি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেবেন তিনি। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ইতোমধ্যে বেশ কয়েকবার প্রস্তুতিমূলক সভা করেছেন। শুধু তাই নয়, তিনি জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট প্রধানমন্ত্রীর খাল খনন কাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় একসময় এই খালেই দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোদাল হাতে উন্নয়নের সূচনা করেছিলেন। এবার সেই একই জায়গায় তাঁর উত্তরসূরি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। 

আরও পড়ুন

চাঁদপুরের ‘বিশ্ব খাল’: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত বিপ্লব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে বাস্তবায়নের শেষ লড়াই।

একটি খাল, একটি ইতিহাস—এবং একটি রাজনৈতিক দায়বদ্ধতা। সত্তরের দশকের শেষভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ‘খাল কাটা বিপ্লব’ শুরু করেছিলেন, তখন তিনি শুধু মাটি কাটেননি—তিনি একটি অর্থনৈতিক মুক্তির রূপরেখা এঁকেছিলেন। সেই বিপ্লব ছিল কৃষকের পক্ষে, উৎপাদনের পক্ষে, স্বনির্ভরতার পক্ষে। কিন্তু, সেই স্বপ্ন এতদিন বাস্তবায়িত হলো না কেন? চার দশক ধরে খাল ভরাট হয়েছে, দখলদারদের দৌরাত্ম্য বেড়েছে, আর কৃষক হারিয়েছে তার প্রাকৃতিক শক্তি। এখন, সেই ব্যর্থতার দায় মুছতে এবং ইতিহাসের ধারাবাহিকতা ফিরিয়ে আনতেই তারেক রহমানের নেতৃত্বে খাল পুনর্জাগরণ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর সফরসূচিতে উল্লেখ করা হয়, তিনি সকাল ৭টায় ঢাকার গুলশানের সরকারি বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ৯টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারূক বাজার এলাকায় ঘোর্থখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে এক জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটে উপস্থিত হয়ে বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুরে সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিকেল ৪টা ৩০ মিনিটে জেএম সেন গুপ্ত রোডের চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে বিকাল ৫টা ৩০ মিনিটে একই সড়কে চাঁদপুর জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন তিনি এবং রাত ১০টায় গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর সরকারি সফর হিসেবে বিবেচিত হবে এবং তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।

সফর প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্ল্যাহ সেলিম বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফর ও উৎসবমুখর করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি এ সফর সফল ও সার্থক হবে।

আরও পড়ুন

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমনকে কেন্দ্র করে জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন ভেন্যু পরিদর্শন করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট প্রধানমন্ত্রীর খাল খনন কাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এরই মধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সবশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফরে এসেছিলেন। তখন তিনি দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। আর এখন দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসছেন। এটি আমাদের জন্য গর্বের ও আবেগের বিষয়। আমরা চাঁদপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

এদিকে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করার জন্য বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চাঁদপুর আসছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission