প্রেমের নামে প্রতারণা, ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৯:২৮ পিএম


প্রেমের নামে প্রতারণা, ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলা, অপহরণ, নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করা একটি ভয়ঙ্কর ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত চারজন হলেন—শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মো. কাইয়ুম (২৫) ও ফয়সাল মিয়া (৩৪)। মঙ্গলবার রাতে শহরের সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তাদের অপরাধের প্রক্রিয়াটি ছিল চক্রের নারী সদস্যরা প্রথমে টার্গেট করা ব্যক্তিদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরবর্তীতে দেখা করার কথা বলে ভুক্তভোগীকে নির্জন স্থানে ডেকে নেওয়া হতো। সেখানে সহযোগীরা ভুক্তভোগীকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালাত।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ভুক্তভোগীদের বিবস্ত্র করে নারী সদস্যদের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হতো। টাকা দিতে অস্বীকার করলে হত্যার হুমকিও দেওয়া হতো।

আরও পড়ুন

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে স্মৃতি আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বেও অপহরণ ও চুরির মামলা রয়েছে। অন্যদিকে, চক্রের অন্যতম সদস্য ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

নরসিংদীর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এরশাদ উল্লাহ জানান, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক এই চক্রের শিকার হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অপরিচিত কারো সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সখ্যতা ও নির্জন স্থানে দেখা করার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission