চুরির অভিযোগে মারধর, অপমানে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৪:৫৬ পিএম


চুরির অভিযোগে মারধর, অপমানে মাদরাসাছাত্রীর আত্মহত্যা
নিহত শ্রাবন্তি খাতুন। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে চুরির অভিযোগে প্রতিবেশীর মারধরের পর লজ্জায় শ্রাবন্তি খাতুন ওরফে বিরতি (১৩) নামে এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী চিনাভাতকুর গ্রামের বাসিন্দা ও চিনাভাতকুর ওয়ারেছিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৯ মে) মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহতের বাবা শুক্রবার রাত ৮টার দিকে ৪ জনকে বিবাদী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছেন। 

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শ্রাবন্তি শুক্রবার বিকেলে প্রতিবেশী আ. হান্নানের বাড়িতে যায়। এক পর্যায়ে তাকে আ. হান্নান ও তার পরিবারের সদস্যরা টাকা চুরির অভিযোগ তুলে মারধর করে বেঁধে রাখেন। মেয়েটির চিৎকারে তার মা গিয়ে তাকে বাড়ি নিয়ে আসেন। আ. হান্নান শ্রাবন্তির মাকেও গালমন্দ করে মেয়েকে শাসন করতে বলেন। পরে তার মা কাজের জন্য বাইরে গেলে নিজ শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে শ্রাবন্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, নিহত শ্রাবন্তির বাবা ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission