৪০০ শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ে ব্যবসায়ী সমিতির ভোট, সমালোচনার ঝড়

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৫:২৮ পিএম


৪০০ শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ে ব্যবসায়ী সমিতির ভোট, সমালোচনার ঝড়
ছবি: আরটিভি

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা।

পরীক্ষার আগের রাতে অনলাইনে ও বিদ্যালয়ের গেটে নোটিশ দিয়ে হঠাৎ করে স্থগিত করা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গনিত বিষয়ের পরীক্ষা। স্বল্পসংখ্যক অভিভাবক পরীক্ষা স্থগিতের বিষয়ে জানলেও বেশিরভাগ তা জানেননি। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে গিয়ে ফিরে যাচ্ছেন। যদিও বিদ্যালয়ের ৬ শিক্ষকের হাজিরা চলছে ঠিকই। স্থগিত হওয়া পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তাও জানানো হয়নি স্কুল কতৃপক্ষ থেকে। এ নিয়ে উদ্বেগে পড়েছেন ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী। ক্ষোভ ও সমালোচনার ঝড় দেখা দিয়েছে সাধারণের মাঝেও। 

ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আমিন জানান, সকাল ১০টা থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪০০'র বেশি পরীক্ষার্থী গনিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারি শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগীত করা হয়। যদিও জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি বাদে সব বিদ্যালয়ে গনিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, একই ক্যাম্পাসে হাই স্কুল থাকায় আগে থেকেই তারা ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য অনুমতি দেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা কেন্দ্র থেকে ফিরে যাওয়ার ঘটনা স্বীকার করে তিনি বলেন, স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিকের হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়া সত্যি বলতে দু:খজনক।

এ নিয়ে বক্তব্য জানতে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পরাভিন ও সহকারি শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর মোবাইলে একাধিকার কল দিলেও তারা রিসিভ করেননি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission