ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (৯ মে) দুপুরে মহেশপুর উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছেন।
পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশে এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান। সেখানে গিয়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে সাজ্জাদুল ইসলাম পানি খেতে চান। ওই সময় গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে অভিযুক্ত সাজ্জাদ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদুল ইসলামকে আটক করে। একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে টাকা দেওয়ার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় শনিবার (৯ মে) ওই গৃহবধূর স্বামী সাজ্জাদুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
অভিযোগপত্রে বাদী উল্লেখ করেছেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণচেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে যায়।
এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এসএইচএম



