মাগুরার শ্রীপুর উপজেলায় ছাগলে জমির শাক ও ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমিতে ঢুকে শাক ও ফসল খেয়ে নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুলের সঙ্গে সাজেদা বেগমের পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সুজন শেখের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসকে



