হাওর থেকে নৌকায় করে ধান লুট, তোয়াক্কা করছে না কাউকেই

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৯:৫০ পিএম


হাওর থেকে নৌকায় করে ধান লুট, তোয়াক্কা করছে না কাউকেই
নৌকায় করে কেটে নিয়ে যাচ্ছে ধান। ছবি: আরটিভি

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের একাংশে তলিয়ে যাওয়া পাকা ধান দিনে-দুপুরে লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত দুই দিন ধরে হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের জমির ধান ইঞ্জিনচালিত নৌকা দিয়ে লুট করে নেওয়া হয়েছে।

কৃষকরা অভিযোগ জানিয়েছেন, বরাম হাওরের পানি কমতে শুরু করলে ভেসে ওঠা পাকা ধান নৌকায় করে কেটে নিয়ে যাচ্ছে একই এলাকার কয়েকটি গ্রামের কিছু মানুষ। ধানের মালিক কৃষকরা বাধা দিলে তারা কোনো কর্ণপাত করছে না, উলটো নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি না হওয়ায় দিরাই উপজেলার বরাম হাওরের পানি কমতে শুরু করেছে। গত তিন-চার দিন ধরে হাওর থেকে ধান নিয়ে যাচ্ছে একই হাওরপাড়ের নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু লোক। গতকাল প্রায় ২৫০টি নৌকা নিয়ে হাওরে প্রবেশ করে ধান লুটপাট শুরু করে। খবর পেয়ে জমির মালিক ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকরা বাধা দিতে গেলে তারা কোনো কর্ণপাত করেনি, উলটো হুমকি-ধমকি দেয়।

পরে কৃষকরা স্থানীয় তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান হাওর থেকে ধান লুটের ঘটনা পুলিশকে জানালে দিরাই থানা পুলিশ হাওরে অভিযান চালায়। এ সময় স্থানীয় কৃষকরা কয়েকটি নৌকা আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ধান লুটেরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওর থেকে দ্রুত পালিয়ে যায়। পরে আটক হওয়া নৌকার লোকজন হাওরে আর আসবে না—এমন অনুরোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বরাম হাওরের ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, কয়েকটি গ্রামের মানুষ নৌকা নিয়ে হাওর থেকে জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না।

তাড়ল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভাঙাডহর গ্রামের বাসিন্দা বাবুল দাস বলেন, “আমাদের এই হাওরের ষোলো আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধানই পানিতে ডুবে গেছে। এখন পানি কিছুটা কমায় ধান ভেসে উঠছে। বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও নাচনী-চন্দ্রপুর এলাকার শত শত লোক প্রায় ২৫০টি নৌকা নিয়ে আমাদের হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ আসার পর ধান লুটেরা দ্রুত হাওর থেকে পালিয়ে যায়।”

তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ বলেন, গত কয়েক দিন ধরে বরাম হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের জমির ধান ইঞ্জিনচালিত নৌকা দিয়ে লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর মঙ্গলবার দুপুরে থানায় জানানো হয়। এরপর পুলিশ গিয়ে ধান লুটকারীদের ধাওয়া দিলে তারা নৌকা নিয়ে হাওর থেকে পালিয়ে যায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বরাম হাওর থেকে নৌকা দিয়ে ধান নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে ফোনে অভিযোগ পেয়ে হাওরে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ দেখে ধান নিয়ে যাওয়ার সঙ্গে জড়িতরা দ্রুত নৌকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ কৃষকদের ধান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission