কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সামনে খেলার সময় পানির গর্তে পড়ে মোহাম্মদ চাঁদ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু চাঁদ ওই এলাকার আশাদ মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল চাঁদ। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের টিউবওয়েল সংলগ্ন একটি পানির গর্তে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ পর ওই গর্তের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, শিশুটি অত্যন্ত চঞ্চল ও আদরের ছিল। সামান্য অসতর্কতায় একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আমরা তাকে মৃত ঘোষণা করি।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের পাশে জমে থাকা পানির গর্তে পড়ে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/আইএম



