কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ঈমান মিয়া (২৬) নামে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে আদমপুর ইউনিয়নের কালনী নদীর পাশে ডুবে যাওয়া ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত ঈমান মিয়া নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার (১৩ মে) বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকার পানি সেচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি ধরতে যান ঈমান মিয়া। এ সময় নৌকাটি ডুবে গেলে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর আজ সকালে আদমপুর ইউনিয়নের কালনী নদীর পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল ঝড়ের কবলে পড়ে ওই যুবক নিখোঁজ হয়েছিল। আজ সকালে তার মধ্যে মরদেহটি কালনি নদীর পাশে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনা আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে



