ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, চরম ভোগান্তি

আরটিভি নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬ , ০৩:১৩ পিএম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, চরম ভোগান্তি
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ফলে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ সময় আটকে আছে। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা।

ঢাকাগামী এক ট্রাকচালক বলেন, সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই যানজটে আটকা আছি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও গাড়ি খুব একটা এগোচ্ছে না।

এক যাত্রী বলেন, যেখানে ১০ মিনিটে যাওয়ার কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো।

আরেকজন চালক বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন পুরোপুরি স্থবির হয়ে আছে। আড়াই ঘণ্টা বসে থেকেও মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। স্বাভাবিক সময়ে এই পথ যেতে ৮ থেকে ১০ মিনিট লাগে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সকাল থেকে যানজট তৈরি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে এবং আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission